ইপেপার / প্রিন্ট
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম. আজাদ। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
শিক্ষকরা বলেন, এ.কে.এম. আজাদের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও দাবি বাস্তবায়নের পথ আরও সুগম হবে। তাঁর এই নির্বাচনে ফুলপুরের শিক্ষা অঙ্গনে নতুন গৌরব যোগ হয়েছে বলেও মত প্রকাশ করেন তারা।
এদিকে সম্প্রতি আহ্বায়ক এ.কে.এম. আজাদ ও সদস্য সচিব মো. আবুল মুনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় মাঠপর্যায়ের শিক্ষকদের মতামত অন্তর্ভুক্ত করা জরুরি। এতে বলা হয়, বিগত বছরের ভর্তি নীতিমালায় নানা জটিলতা ও অনিয়মের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তির শিকার হয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের সব অঞ্চলের বিদ্যালয়ের অবস্থা এক নয়। তাই কেন্দ্র থেকে অভিন্ন নীতিমালা চাপিয়ে না দিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষকদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত ভর্তি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
সমিতি আশা প্রকাশ করেছে, ২০২৬ সালের ভর্তি নীতিমালায় শিক্ষকদের সুস্পষ্ট মতামত অন্তর্ভুক্ত করে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও শিক্ষাবান্ধব নীতিমালা প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেন, মো. সালেহ আহমদ, মোছা. উম্মে সালমা, মো:কামাল হোসেন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।