ইপেপার / প্রিন্ট
বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঁশতলা গ্রামে কৃষকদের নিয়ে তরল জৈব সার তৈরির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকেরা অংশ নেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুর নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। মাটির উর্বরতা বৃদ্ধি ও টেকসই কৃষি নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মশালায় হাতেকলমে শিখন কার্যক্রম পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু। এ সময় উপস্থিত ছিলেন বাঁশতলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান, কাজিয়াকান্দা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাপলা পারভীনসহ ডেফুলিয়া ও বাঁশতলা গ্রামের কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান জানান, মাত্র ৩৫০ টাকা ব্যয়ে প্রায় ১০ হাজার টাকার সমমূল্যের তরল জৈব সার তৈরি করা সম্ভব। এ ছাড়া কৃষকদের হাতে-কলমে উপকরণ ব্যবহার ও প্রয়োগ কৌশল শেখানো হয়।
প্রশিক্ষকরা বলেন, রাসায়নিক সারের বিকল্প হিসেবে তরল জৈব সার পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করবে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণ প্রশিক্ষণকে সফল করেছে বলে মন্তব্য করেন আয়োজকেরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য ব্লকেও এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।